ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে : কাদের

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় থাকবে। সংবিধানসম্মতভাবে যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র পরিচালনায় থেকে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।


শনিবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বর্তমান নির্বাচন কমিশন, সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের এ বিবৃতি দেন।


‘বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য ‘গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী’ বলে মনে করেন ওবায়দুল কাদের।


তিনি বলেন, ‘নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয়, এটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি বা রেফারির মতো। খেলায় কোনও দল খারাপ খেললে অনেক ক্ষেত্রেই তারা রেফারিকে দোষারোপ করে। খেলায় পরাজিত হয়ে অথবা খেলায় অংশগ্রহণ না করে রেফারিকেই দোষারোপ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে।’


তিনি বলেন, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নির্বাচনি মাঠে অংশগ্রহণ না করায় বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার অপকৌশল গ্রহণ করায় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে যদি কোনও ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে তার দায়ভার বিএনপিকেই নিতে হবে।


একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি তোয়াক্কা না করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য বিএনপি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।

ads
ads
ads

Our Facebook Page

↑